খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫–১৬ শতাংশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫–১৬ শতাংশ

যোগফল প্রতিবেদক:

দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে প্রতিবছরই পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। সংরক্ষণকালীন পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতির কারণে উৎপাদিত পেঁয়াজের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় পেঁয়াজ সংরক্ষণে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তাদের দাবি, পরীক্ষামূলক পর্যায়ের ফলাফলে এ প্রযুক্তি ব্যবহারে পেঁয়াজের সংরক্ষণকালীন ক্ষতি প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ কমানোর সম্ভাবনা দেখা গেছে। তবে গবেষণাটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন বাকৃবির আইসিটি সেলের পরিচালক ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী। গবেষক দলে রয়েছেন সহকারী গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী নাফিস সাদিক সায়েম এবং স্নাতক শিক্ষার্থী রাহাত মিয়া।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫ সালের মার্চে শুরু হওয়া গবেষণাটি বর্তমানে পরীক্ষামূলক ও ফলাফল বিশ্লেষণ পর্যায়ে রয়েছে।

যেভাবে কাজ করবে প্রযুক্তি

গবেষকরা বলছেন, দীর্ঘসময় পেঁয়াজ ভালো রাখতে সংরক্ষণ কক্ষের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংরক্ষণ কক্ষের পরিবেশ পর্যবেক্ষণে সেন্সর ব্যবহার করা হচ্ছে।

সেন্সরের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হবে। সংরক্ষণ পরিবেশে প্রয়োজনের তুলনায় পরিবর্তন দেখা দিলে সে অনুযায়ী বাতাস চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাবে।

প্রযুক্তিটির নকশায় এয়ারফ্লো ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ফ্যানের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে সংরক্ষণ কক্ষে পেঁয়াজের জন্য উপযোগী পরিবেশ বজায় রাখার পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে পচনসহ অন্যান্য ক্ষতি কমানো সম্ভব হবে।

পর্যবেক্ষণ করা হচ্ছে পেঁয়াজের মান

গবেষণায় শুধু পেঁয়াজ কতদিন সংরক্ষণ করা যাচ্ছে, তা নয়; সংরক্ষণকালীন সময়ে ওজন হ্রাস, পচন ও গুণগত মানের পরিবর্তনও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিভিন্ন সংরক্ষণ পরিস্থিতিতে পেঁয়াজের তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ ও তুলনা করছেন গবেষকরা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলকে আশাব্যঞ্জক বলে জানিয়েছেন তারা।

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, তুলনামূলকভাবে কম খরচে এমন একটি আধুনিক সংরক্ষণ ব্যবস্থা তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা যাবে।

তিনি বলেন, পরিবেশগত পরিবর্তন দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে পচন, ওজন হ্রাসসহ সংরক্ষণকালীন বিভিন্ন ক্ষতি কমানো সম্ভব হবে।

উৎপাদন বেশি হলেও আমদানি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৫ এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৪২ দশমিক ৬৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। বিপরীতে বার্ষিক চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ টন। অর্থাৎ উৎপাদন চাহিদার তুলনায় বেশি।

এরপরও ২০২৫–২৬ অর্থবছরে দেশে প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।

অধ্যাপক রোস্তম আলী বলেন, পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় কৃষককে অনেক সময় ফসল তোলার পরপরই পেঁয়াজ বিক্রি করে দিতে হয়। ফলে মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে গেলে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হওয়ার ঝুঁকি তৈরি হয়।

উন্নত সংরক্ষণ ব্যবস্থা চালু করা গেলে কৃষক কিছুদিন পেঁয়াজ সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রির সিদ্ধান্ত নিতে পারবেন। এতে একদিকে কৃষক ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে বছরজুড়ে বাজারে পেঁয়াজের সরবরাহও তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হবে।

মাঠপর্যায়ে প্রয়োগের পরিকল্পনা

অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, এ গবেষণার উদ্দেশ্য ফলন বাড়ানো নয়; বরং উৎপাদনের পরবর্তী অপচয় কমিয়ে কৃষকের আর্থিক সুবিধা নিশ্চিত করা।

তিনি জানান, গবেষণাটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। পরীক্ষামূলক ফলাফল বিশ্লেষণের পাশাপাশি প্রযুক্তিটির কার্যকারিতা আরও উন্নত করার কাজ চলছে। পরবর্তী ধাপে বৃহত্তর পরিসরে বাস্তব সংরক্ষণ পরিবেশে প্রযুক্তিটির কার্যকারিতা যাচাই করা হবে।

ফলাফল সন্তোষজনক হলে কৃষক ও বাণিজ্যিক সংরক্ষণ কেন্দ্রে পাইলট পর্যায়ে প্রযুক্তিটির প্রয়োগ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা পাওয়া গেলে আগামী দুয়েক বছরের মধ্যে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী একটি পাইলট মডেল তৈরি করা সম্ভব বলে মনে করছেন গবেষকরা।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম